পাহাড়ি সান্যাল তাঁকে নিয়ে গিয়েছিলেন আকাশবাণীতে। ১৯৭২ সালে আকাশবাণীতে নিজের লেখা ও ঝুমুর তালে সুরারোপিত "বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল" গান রেকর্ড করেছিলেন বীরভূমের রতন কাহার। ১৯৭৬ সালে তাঁর গাওয়া গানকে জনপ্রিয় করে দেন লোকসঙ্গীতশিল্পী স্বপ্না চক্রবর্তী। তারপর অনেক রাজা বাদশা তাঁর গানটি গেয়েছেন। কখনও অনুমতি নিয়ে, কখনও অনুমতিহীন। স্বীকৃতি পাননি রতন কাহার।
আনন্দের খবর এই বছর ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন সিউড়ির ভট্টাচার্য পাড়ার বাসিন্দা প্রবীণ লোকসঙ্গীত শিল্পী রতন কাহার। যৌবন থেকেই শিল্পী রতন কাহার বেঁধেছেন অজস্র ভাদু ও ঝুমুর গান। প্রায় দু'হাজার গান লিখেছেন। পুরস্কার-শংসাপত্র যা পেয়েছেন, তা আর রাখার জায়গা নেই একচিলতে খড়ের ঘরে। তবে অভাব নিত্যসঙ্গী তাঁর। বৃদ্ধ শিল্পীর আজকাল আর শরীর ভাল থাকে না। কিন্তু মনের জোরেই গেয়ে চলেন গান।
৮৮ বছর বয়সের শিল্পী এখনও গান গেয়ে ফেরেন সিউড়ির পথে পথে। তিনিই বাঁচিয়ে রেখেছেন বাংলার হারিয়ে যাওয়া ভাদু গান।
