পুরুলিয়ার নেতুড়িয়ায় মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হল পাঁচজনের।



নেতুড়িয়া, সৌমেন চৌধুরী: নিয়ন্ত্রণ হারিয়ে লরির সঙ্গে সজোরে ধাক্কা যাত্রী বোঝাই টোটোগাড়ির। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হল পাঁচজনের। আহত আরও বেশ কয়েকজন। আটক করা হয়েছে ঘাতক লরিটিকে। গতকাল, শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটে পুরুলিয়ার নিতুড়িয়া থানার ভামুরিয়া মোড়ের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিসে এসে মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আর আহতদের উন্নত চিকিৎসার জন্য দুর্গাপুরে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার রাতে পুরুলিয়ার  ভামুরিয়া মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি লরি। নিয়ন্ত্রণ হারানোয় লরিটি গিয়ে ধাক্কা মারে একটি যাত্রী বোঝাই টোটোকে। টোটোকে ধাক্কা মারার পর রাস্তায় আরও বেশ কয়েকজনকে ধাক্কা মারতে মারতে পালানোর চেষ্টা করে ঘাতক লরির চালক। এরপর স্থানীয় বাসিন্দারা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর দেওয়া হয় পুলিসকে। দুর্ঘটনার পর স্থানীয়রা রাস্তা অবরোধ করে বেশ কিছুক্ষণ। যদিও পরে পুলিস এসে অবরোধ তুলে দেয় এবং পরিস্থিতি সামাল দেয়।

নবীনতর পূর্বতন